রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন, এবং এতে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও বাদ যাননি। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে চেয়ারপারসনের উপদেষ্টা ও সংগীতশিল্পী বেবী নাজনীন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর শূন্যতা সবসময় অনুভব করবে বাংলাদেশের মানুষ।
বেবী নাজনীন বলেন, উনার সঙ্গে আমার শেষ কথা হয়েছিল, তিনি জেলে যাওয়ার আগে। ওই সময় আমি তার সঙ্গে ছিলাম। আমার মাথায় হাত রেখে বলেছিলেন, ‘আমি যাচ্ছি, তুমি ভালো থেকো।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, তিনি বলেছিলেন, ‘তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’। তার মধ্যে আমি দেখেছিলাম ধীর-স্থিরতা কিন্তু বলিষ্ঠ। তিনি হাঁটতে হাঁটতে জেলে গেলেন। এই দৃশ্য আমি কখনো ভুলব না।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খালেদা জিয়ার। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয়।
বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনবারের মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের নাম।
রিপোর্টার্স২৪/ঝুম