বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। বিশেষ করে দ্বিতীয় বিয়ে করবেন কি না এই প্রশ্ন ঘিরেই ছিল কৌতূহল। অবশেষে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মালাইকা।
২০১৬ সালে মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদ হয়। তাদের সংসারে রয়েছে ২২ বছরের একমাত্র পুত্র আরহান খান। দাম্পত্য সম্পর্কে ইতি টানলেও সন্তানের দায়িত্ব পালনে দুজনেই এখনো ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, জীবনের সব সম্পর্ক পরিকল্পনা অনুযায়ী চলে না। বিচ্ছেদের পর সামাজিক ও পারিবারিক নানা প্রশ্নের মুখোমুখি হতে হলেও নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
মালাইকার ভাষায়, তিনি ও আরবাজ দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। একসময় সমস্যা কাটিয়ে আবার একসঙ্গে পথ চলার কথাও ভেবেছিলেন তারা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করেন, এই সম্পর্ক আর টেকসই নয়।
তিনি বলেন, একটা সময়ের পর আমরা বুঝতে পারি, এই বিয়েটা আর চলবে না। অন্যদের খুশি করার আগে নিজেকে খুশি রাখা জরুরি। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।”
এই সিদ্ধান্ত নেওয়ার পর অনেকেই তাকে স্বার্থপর বলে আখ্যা দেন। তবে এসব মন্তব্যে গুরুত্ব দেননি মালাইকা। তার কাছে মানসিক শান্তি ও নিজের ভালো থাকাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী আরও বলেন, অন্যদের কাছে স্বার্থপর মনে হতেই পারে। কিন্তু আমি যেটা ঠিক মনে করেছি, সেটাই করেছি। জীবনটা এগিয়ে নেওয়া দরকার ছিল। আমার খুশিতে থাকাটাও সমান জরুরি।
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে মালাইকা জানান, তিনি বিয়ের বিরোধী নন। তবে এই মুহূর্তে বিয়ে তার অগ্রাধিকার তালিকায় নেই। নিজের জীবন নিয়ে আমি এখন ভালো আছি। আমার মনে হয়, এই সময়টায় বিয়েটা আমার জন্য নয়। যদি ভবিষ্যতে কখনো হয়, তখন সেটা নিয়ে ভাবা যাবে।
মালাইকার এই স্পষ্ট বক্তব্যে বোঝা যায়, জীবনের নতুন অধ্যায়ে তিনি আপাতত নিজেকে, নিজের শান্তি ও স্বাধীনতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
রিপোর্টার্স২৪/ঝুম