স্পোর্টস ডেস্ক: ব্র্যাক ব্যাংক পৃষ্ঠপোষকতায় আয়োজিত নারী হকি টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮–০ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
পুরো টুর্নামেন্টে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বিকেএসপি। পাঁচ ম্যাচে তারা মোট ৬৪ গোল করলেও একটি গোলও হজম করেনি। ফাইনালে কণা আক্তার একাই করেন চার গোল। অর্পিতা পাল করেন দুটি, আর নিনি সেন রাখাইন ও তন্নী খাতুন করেন একটি করে গোল।
টুর্নামেন্টে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন অর্পিতা পাল। বিকেএসপির আইরিন আক্তার রিয়া হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন রাজশাহীর মহুয়া এবং কিশোরগঞ্জের অপূর্ব নির্বাচিত হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়।
প্রায় এক কোটি টাকা পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি পেয়েছে ৮০ হাজার টাকা এবং রানার্সআপ দল পেয়েছে ৬০ হাজার টাকা। ব্যক্তি ক্যাটাগরির বিজয়ীরা পেয়েছেন ১০ হাজার টাকা করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাতুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চারটি জোনে বিভক্ত হয়ে ১৮ জেলার দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। জোনাল চ্যাম্পিয়নরা মূল পর্বে খেললেও বিকেএসপি সরাসরি মূল পর্বে অংশ নেয়।