| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ১৪:৩৮:৪২:অপরাহ্ন  |  ৪৮১ বার পঠিত
১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দাবি করেছেন, জুলাই অভ্যুত্থানের পেছনে বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার ভাষায়, একটি গণঅভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয় না; এর জন্য দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি প্রয়োজন, যা বিএনপি তৈরি করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বাংলাদেশি’ নামে একটি সংগঠন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিল, গত ১৭ বছর কোথায় ছিল এগুলো প্রশ্নের বিষয়। আমরা যুগপৎ আন্দোলন করেছি, জোট গড়ে আন্দোলন করেছি। এখন ৫ আগস্টের পর কেউ যদি দাবি করে একাই আন্দোলন করেছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি অভ্যুত্থানের ভিত্তি লাগে, আর সেই ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলের সবাই দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং সবার বিরুদ্ধে অভিযোগও এক ধরনের নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের পক্ষ থেকে ‘ভালো আওয়ামী লীগ’কে সঙ্গে নেওয়ার বক্তব্য রাজনৈতিক বিভেদের সূচনা করতে পারে।

বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর বিভিন্ন স্বৈরশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিল না বললেই চলে। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে কিছু আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় দলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রবাসী ভোটেও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে এ্যানি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস হয়েছে। এখনই সব সমস্যার সমাধান সম্ভব না হলেও প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এবং সবার সহযোগিতা পেলে দেশের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের দুর্নীতি, চুরি ও লুটপাটের কারণে দেশকে নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় বিএনপিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি।

এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের ওপর গোয়েন্দা পুলিশের (ডিবি) নির্যাতনের অভিযোগও তুলে ধরেন পানিসম্পদ মন্ত্রী।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা বিভেদ নয়, ঐক্য চাই।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা আজ সংসদে বিরোধী দলের আসনে রয়েছে, যা দেশের জন্য লজ্জাজনক। তিনি আরও দাবি করেন, বিরোধী জোটে ভাঙন শুরু হয়েছে এবং তাদের সরকার পতনের হুমকি বাস্তবসম্মত নয়।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রাশেদ খান বলেন, তার ব্যয়সংকোচন ও রাজনৈতিক কর্মকৌশল সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। একই সঙ্গে তিনি জামায়াত, এনসিপি এবং ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ বিনির্মাণ”— এই স্লোগানকে ধারণ করেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে এবং একটি সুন্দর, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বিএনপি নেতা মোমিনুল আমিন, ইউনাইটেড লেবার পার্টির আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪