| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুঃসংবাদ দিলেন সংগীতশিল্পী তৌসিফ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৪:৫৩:০০:অপরাহ্ন  |  ১০২১৮৬৬ বার পঠিত
দুঃসংবাদ দিলেন সংগীতশিল্পী তৌসিফ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে অডিও জগতের এক সময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ স্ট্রোকের শিকার হয়েছেন। জানা যায়, গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যান তিনি। পরে মাথায় আঘাত পান, যা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা মাথায় ২৭টি সেলাই দেন এবং পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করেন, তিনি স্ট্রোক করেছেন।

এ বিষয়টি সরাসরি গণমাধ্যমকে জানিয়েছেন তৌসিফ নিজেই। তিনি বলেন, “গত ২৯ ডিসেম্বর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। পরে মাথায় প্রচণ্ড আঘাত পাই, অনেক রক্ত বের হয়। মাথায় ২৭টি সেলাই লেগেছে। প্রথমে ধানমন্ডির সিটি হাসপাতালে, এরপর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে একদিন লাইফ সাপোর্টে থাকা মানেই প্রচুর খরচ। তাই সামান্য ভালো অনুভব করাতে গতকাল বাসায় ফিরে এসেছি। দীর্ঘদিন ধরে অসুস্থ হওয়ায় আগের মতো কাজ করতে পারছি না। চিকিৎসা ব্যয়ও আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো আছি। তবে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”

তৌসিফের স্বাস্থ্য সমস্যা নতুন কিছু নয়। ২০২২ সালের এপ্রিলে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং ধানমন্ডির একটি হাসপাতালে ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর ২০২৪ সালের অক্টোবরে তিনি দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে ছিলেন এই গায়ক।

তৌসিফ আবারও গানে ফিরতে চান। তিনি বলেন, “এভাবে কতদিন ঘরবন্দি থাকা যায়? কয়েক বছর ধরে শারীরিক অবস্থা ভালো না। কোথাও যেতে পারছি না। বাসায় থেকে নতুন গান করা সম্ভব নয়। গান করতে হলে আমাকে আবারও সংগীত জগতে যেতে হবে। গান ছাড়া আমি ভালো নেই।”

তৌসিফের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ আরও অসংখ্য হিট। গাওয়ার পাশাপাশি তিনি গান লেখেন, সুর ও সংগীতায়োজনও করেন। দেশের অডিও জগতের অন্যতম শ্রোতাপ্রিয় এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ প্রকাশিত হয় ২০০৭ সালে। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে তিনি নিয়মিতভাবে গান করতে পারেননি।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪