| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ৬:০৩:০০:অপরাহ্ন  |  63930 বার পঠিত
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)-তে আজ ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চমবারের মতো এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ বশির উদ্দিন মেলার সফলতার জন্য শুভকামনা জানান। মেলা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

মেলার আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, মেলার মূল উদ্বোধন ১ জানুয়ারি নির্ধারিত হলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা হওয়ায় উদ্বোধন তারিখ পরিবর্তিত হয়ে আজ (৩ জানুয়ারি) করা হয়।

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের পণ্য প্রদর্শনের সবচেয়ে বড় আয়োজন। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও আরও ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

মেলায় মোট ৩২৪টি প্যাভিলিয়ন/স্টল/রেস্টুরেন্ট বরাদ্দ করা হয়েছে। স্টলে দেশীয় উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠান ও সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের মেলায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

দর্শনার্থীদের সুবিধার জন্য কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে।

১৯৯৫ সাল থেকে বছরের প্রথম দিন থেকে নিয়মিত আয়োজন হয়ে আসা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ২০২২ সাল থেকে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে হচ্ছে। এবারের মেলা পঞ্চমবারের মতো পূর্বাচলে বসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪