সিনিয়র রিপোর্টার: আজ শনিবার(৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার চারপাশ কুয়াশাচ্ছন্ন ছিল। সকাল গড়িয়ে দুপুরে সূর্য উকি দিলেও তাপমাত্রা এখনো কম ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে আজ শনিবার সকালেই সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শিগগিরই এই পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে সিলেট, ময়মনসিংহ ও পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাজশাহী, চুয়াডাঙ্গাসহ পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ড. আবুল কালাম মল্লিক বলেন, রোববার সূর্য দেখা দিতে পারে, তবে উজ্জ্বল কিরণ পাওয়ার সম্ভাবনা কম। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকবে, ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দুই-তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
শৈত্যপ্রবাহের মানদণ্ড অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ১০–৮.১°সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৮–৬.১° হলে মাঝারি, ৬–৪.১° হলে তীব্র এবং ৪°সেলসিয়াসের নিচে হলে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি, পাবনা ও রাজশাহী জেলায়, যা নয় ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং এর আওতা আরও বিস্তৃত হতে পারে।
ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, ঘন কুয়াশা থাকবে চারপাশে। কিছু এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এছাড়া কয়েকটি স্থানে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যেখানে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি