স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিষয়ে জানতে সকাল ৯টার দিকে আসিফ আকবরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে সাড়া পাওয়া যায়নি।
ওসি আসাদুজ্জামান বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তাঁর ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কে বা কারা এই গুলি চালিয়েছে, উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি বলে উল্লেখ করেন ওসি আসাদুজ্জামান।
হাতিরঝিল থানার ওসি বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হাতিরঝিল থানা–পুলিশ।
রিপোর্টার্স২৪/ধ্রুব