| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৭:৪২:৪৩:অপরাহ্ন  |  92255 বার পঠিত
মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন শামা ওবায়েদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনের বিএনপি প্রার্থী এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন। ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

শামা ওবায়েদ একসময় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তবে গত বছরের ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।

হলফনামায় তার বয়স দেখানো হয়েছে ৫২ বছর ৭ মাস ১৫ দিন এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে স্নাতক (কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং)। তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের (আইজিসিএফ) জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

হলফনামা অনুযায়ী, শামা ওবায়েদের নামে মোট ১৮টি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। ২০২৫ সালে ৮টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং আরও ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। তবে একটি হত্যা মামলা এখনও তদন্তাধীন রয়েছে।

হলফনামায় শামা ওবায়েদ তার বার্ষিক আয় দেখিয়েছেন ২১,৮৯,০৭১ টাকা। এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ১২,৬০,০০০ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের মুনাফা ৪৬,৪০৪ টাকা, চাকরির সম্মানী বাবদ ৭,৮৬,৬৬৭ টাকা এবং সম্মানী ভাতা বাবদ ৯৬,০০০ টাকা।

অথচ ২০১৮ সালের নির্বাচনের হলফনামায় তার মোট আয় ছিল ৩০,০৬,৮২৫ টাকা। অর্থাৎ সাত বছরের ব্যবধানে তার আয় কমেছে ৮,১৭,৭৫৪ টাকা। তবে আয় কমলেও সম্পদের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে।

২০১৮ সালে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৫৩,৮২,২৮৭ টাকা। ২০২৫ সালের হলফনামায় অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩ কোটি ৬২,৮৫,৮০৬ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ৪ কোটি ৩৭,৮৫,৮০৬ টাকা। এর মধ্যে নগদ টাকা ২ কোটি ৫২,৫১,৮৯৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩০,৩৩,৯১২ টাকা, শেয়ার, বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৫০ লাখ টাকা, একটি জিপ গাড়ি ৩০ লাখ টাকা এবং ৫০ তোলা সোনা রয়েছে।

স্থাবর সম্পদের ক্ষেত্রে দেখা যায়, ২০২৫ সালের হলফনামায় তার স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯৩,২০,০০০ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। এর মধ্যে রয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৪৫০ শতাংশ অকৃষি জমি এবং ঢাকার বনানীতে ৩,২৪৫ বর্গফুটের একটি ফ্ল্যাট।

অন্যদিকে, ২০১৮ সালের হলফনামায় তার মোট স্থাবর সম্পদ ছিল ৭ কোটি ৩,২০,০০০ টাকা। সে সময় তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ১.৫ একর কৃষি জমি উল্লেখ করেছিলেন এবং তিনটি পৈতৃক ফ্ল্যাটের মোট আয়তন ছিল ৬,৬১০ বর্গফুট। হিসাব অনুযায়ী সাত বছরে তার স্থাবর সম্পদ কমেছে ১০ লাখ টাকা।

ঋণের তথ্যেও বড় পরিবর্তন এসেছে। ২০১৮ সালে শামা ওবায়েদ এ্যলিউর বিল্ডার্স লিমিটেডের পরিচালক হিসেবে সাউথইস্ট ব্যাংক থেকে দুই ধাপে মোট ৩ কোটি ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চলতি বছরের হলফনামায় তার নামে কোনো ঋণ দেখানো হয়নি, যা থেকে বোঝা যায় এই সাড়ে তিন কোটির বেশি টাকার ঋণ তিনি পরিশোধ করেছেন।

হলফনামায় নির্ভরশীল হিসাবেও বড় অঙ্কের সম্পদের তথ্য রয়েছে। শামা ওবায়েদ তার স্বামী মুস্তাজিরুল শোভন ইসলাম এবং পুত্র আরভীন ওবায়েদ ইসলামকে নির্ভরশীল হিসেবে দেখিয়েছেন। স্বামীর বার্ষিক আয় দেখানো হয়েছে ৮৮,৮৬,৪১৮ টাকা। তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১৭ কোটি ২০,৭৬,৮০ টাকা এবং বর্তমান মূল্য ১৭ কোটি ৯৫,৭৬,৮০ টাকা। এতে নগদ টাকা, ব্যাংক আমানত, বন্ড ও ঋণপত্র, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, ডাক সঞ্চয়পত্র ও ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ, তিনটি মাইক্রোবাস এবং ৫০ তোলা সোনা অন্তর্ভুক্ত, যদিও সোনার কোনো মূল্য উল্লেখ করা হয়নি।

কৃষি জমি বাদে স্বামীর স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১০ কোটি ৪০ লাখ টাকা এবং বর্তমান আনুমানিক মূল্য ৫১ কোটি ৪৫ লাখ টাকা। তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২১৬ শতাংশ অকৃষি জমির কোনো মূল্য দেখানো হয়নি। স্বামীর নামে ফ্ল্যাট কেনা বাবদ ১ কোটি ৬৭,৪৭,৯৬৪ টাকার ব্যাংক ঋণ রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪