| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন যাচাই: ৩ প্রার্থী বাদ, ৬ জন বৈধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ২০:১২:০৮:অপরাহ্ন  |  59206 বার পঠিত
ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন যাচাই: ৩ প্রার্থী বাদ, ৬ জন বৈধ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ এ সিদ্ধান্ত জানান। এ সময় সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল জলিল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমদাদুল ইসলাম বাচ্চু এবং গণফোরাম মনোনীত প্রার্থী খনিয়া খানম ববি।

অন্যদিকে, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তিনজন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মুর্শিদা জামান পপি, ওবাইদুল হক রাসেল এবং মীর আমিনুল ইসলাম। রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় প্রয়োজনীয় তথ্যের অসঙ্গতি ও ত্রুটির কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে এবং আইন ও বিধিমালা অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪