| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুচ্ছ অজুহাতে প্রার্থিতা বাতিলের অভিযোগ

রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ জামায়াতের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৯:১৩:২০:অপরাহ্ন  |  108796 বার পঠিত
রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ জামায়াতের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, কোনো কোনো ক্ষেত্রে তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে যোগ্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে।

রবিবার (৪ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে মনোনয়নপত্র দাখিলের পর বর্তমানে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। তবে এই প্রক্রিয়ায় বিভিন্ন জেলার রিটার্নিং অফিসারদের আচরণে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, কোনো কোনো জেলায় এমন সব বিষয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা রিটার্নিং অফিসারের ব্যক্তিগত এখতিয়ারের মধ্যে পড়ে এবং চাইলে ব্যক্তি বিবেচনায় ছাড় দেওয়া যেত। অথচ এসব ক্ষেত্রেও কঠোর নীতি প্রয়োগ করা হয়েছে। এর ফলে উদ্দেশ্যমূলক বাড়াবাড়ির কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা মোটেও সমীচীন নয়। আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন অপ্রয়োজনীয় ও অহেতুক বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে। এসব সিদ্ধান্তের পেছনে কোনো একটি মহলের ইন্ধন রয়েছে বলেও জামায়াতের কাছে প্রতীয়মান হচ্ছে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, এভাবে চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা নিয়ে দেশবাসীর মধ্যে বড় প্রশ্ন তৈরি হবে। তিনি তুচ্ছ ও গুরুত্বহীন কারণে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে তিনি যাদের প্রার্থিতা তুচ্ছ অজুহাতে বাতিল করা হয়েছে, তাদের মনোনয়নপত্র অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

বিবৃতির শেষে জামায়াতের এই নেতা বলেন, সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪