শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে স্কুলে যাওয়ার পথে স্থানীয় ইসলাম উদ্দিন (৬০) শিশুটিকে ধরে তুলে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে স্কুল শেষে বাড়িতে ফিরে সন্ধ্যায় এক পর্যায়ে প্রচণ্ড ব্যথা অনুভব ও চিৎকার করলে বিষয়টি বাবাকে জানানো হয়। রোকিয়া বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
শিশুটি পলাশীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মো. বিল্লাল হোসেন (বিল্লু) মিয়ার কন্যা।
ঘটনার পরদিন মঙ্গলবার (৬ জানুয়ারি) ধর্ষক ইসলাম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানা পুলিশ। ইসলাম উদ্দিন (৬০) স্থানীয় পলাশীকুড়া গ্রামের মো. কালা শমসের আলীর ছেলে।
এ বিষয়ে পলাশীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. ফেরদৌসী বেগম জানান, বিষয়টি আমরা আজ (মঙ্গলবার) জানতে পেরেছি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার এসআই মিজানুর রহমান জানান, আসামি ইসলাম উদ্দিন (৬০) কে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী জানান, ঘটনাটি গতকাল ঘটেছে এবং আমরা আজ পুলিশ আসামি গ্রেপ্তার করার পর জানতে পেরেছি। ইসলাম উদ্দিন একজন লম্পট ও খারাপ লোক। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।
রিপোর্টার্স২৪/এসএন