| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেএফ-১৭ যুদ্ধবিমান কেনা নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ২৩:৩০:৪৮:অপরাহ্ন  |  43599 বার পঠিত
জেএফ-১৭ যুদ্ধবিমান কেনা নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের পর পাকিস্তানের এই যুদ্ধবিমানের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন প্রেক্ষাপটেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তির বিষয়টি সামনে এসেছে।

সম্প্রতি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পাকিস্তান বিমান সদর দফতর সফর করে। সেখানে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয়সহ বিভিন্ন প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফরের শুরুতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান ও চীনের যৌথভাবে নির্মিত জেএফ-১৭ থান্ডার বর্তমানে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম সফল রপ্তানি পণ্য। ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময় ফ্রান্সে তৈরি রাফালসহ একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পর বিশ্বজুড়ে এই যুদ্ধবিমানের চাহিদা বেড়ে যায়। এর প্রভাব পড়ে নির্মাতা প্রতিষ্ঠান চেংদু এয়ারক্রাফট করপোরেশনের শেয়ারবাজারেও—যার শেয়ারের দাম ১৭ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

সফরকালে দুই দেশের বিমানবাহিনী প্রধানদের আলোচনায় পরিচালনাগত সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়। এর মধ্যে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণায় সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়। এ সময় পাকিস্তান বিমানবাহিনীর প্রধান বাংলাদেশকে ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সহায়তার আশ্বাস দেন।

খবরে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ ইতিহাসের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের পুরোনো যুদ্ধবিমানের বহর রক্ষণাবেক্ষণ এবং আকাশপথে নজরদারি জোরদারে আকাশ প্রতিরক্ষা রাডার সিস্টেম সমন্বয়ে পাকিস্তানের সহায়তা চান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪