| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতি সঠিক পথে নাই তাই সাংবাদিকতাও সংকটে: মতিউর রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ০৪:২১:৪১:পূর্বাহ্ন  |  ৫৩৭ বার পঠিত
রাজনীতি সঠিক পথে নাই তাই সাংবাদিকতাও সংকটে: মতিউর রহমান

স্টাফ রিপোর্টার: সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেছেন, দেশে রাজনীতি সঠিক ধারায় না থাকায় সাংবাদিকতাও সংকটে পড়েছে। তার মতে, রাজনীতি সঠিক পথে না চললে গণমাধ্যমও স্বাধীন ও স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।

শনিবার (২ মে) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান চৌধুরী বলেন, ৫৪ বছরের সাংবাদিকতা জীবনে দেখেছি, রাজনীতিবিদরা ক্ষমতার বাইরে থাকলে একরকম আচরণ করেন, আর ক্ষমতায় গেলে তাদের অবস্থান বদলে যায়। তিনি আরও বলেন, দেশে এখনো স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নিয়ে বিতর্ক চলা দুঃখজনক, যা উন্নত গণতন্ত্রের সঙ্গে যায় না।

তিনি সংসদীয় বক্তব্য সংস্কৃতির সমালোচনা করে বলেন, অনেক সময় সংসদে বক্তব্য শুধু প্রশংসায় ভরা থাকে। এই অতিরিক্ত প্রশংসার সংস্কৃতি না বদলালে বাস্তব পরিবর্তন আসবে না।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯ থেকে ১৫২-এর মধ্যে ঘোরাফেরা করছে, যা উদ্বেগজনক। তার মতে, অনুগত সাংবাদিকতার প্রবণতা এর অন্যতম কারণ।

তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাবের কারণে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হয়েছেন, কেউ জেলে গেছেন, কেউ চাকরি হারিয়েছেন বা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

বর্তমান পরিস্থিতিতেও একই প্রবণতা অব্যাহত রয়েছে বলে দাবি করে তিনি বলেন, অপছন্দের কারণে গণমাধ্যমের সম্পাদক পরিবর্তনের মতো ঘটনাও ঘটছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আরও উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দীন আহমেদ এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজসহ নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও সাংবাদিকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪