স্পোর্টস ডেস্ক: নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ইস্যুতে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বিসিবির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইসিসি জানিয়ে দিয়েছে, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের সুযোগ নেই। ফলে বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে। যদিও বিসিবির দাবি, আইসিসির পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত বিসিবি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এর আগে রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়—ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
উল্লেখ্য, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিসিসিআইয়ের নির্দেশনার পরই ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় বিসিবি।
রিপোর্টার্স২৪/বাবি