| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হলফনামায় টাইপিং ভুল ছিল, আইনগতভাবে সংশোধন করা হয়েছে: সারজিস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৯:৫৬:১৪:অপরাহ্ন  |  95136 বার পঠিত
হলফনামায় টাইপিং ভুল ছিল, আইনগতভাবে সংশোধন করা হয়েছে: সারজিস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম তার হলফনামায় আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে টাইপিং ভুল থাকার কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, অনিচ্ছাকৃতভাবে তার আইনজীবীর ভুলে আয়কর রিটার্নে প্রকৃত ৯ লাখ টাকার পরিবর্তে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশোধন সম্পন্ন করা হয়।

সম্প্রতি হলফনামায় দেওয়া তথ্য ও আয়কর রিটার্নের তথ্যের মধ্যে অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটেই তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন,আমার বিরুদ্ধে এমন কথাও ছড়ানো হয়েছে যে আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছাড়তে আমার গাড়িতে করে সহযোগিতা করেছি। যারা আমাদের পেলে মাথা আলাদা করে দেবে, তাদের আমরা কেন সাহায্য করব?

এ সময় তিনি বিএনপির বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, বিএনপি বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা অতীতে আওয়ামী লীগ করেছিল বলেও তিনি মন্তব্য করেন।

নিজের পেশা সম্পর্কে সারজিস আলম বলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত।আমরা কোনো তথ্য গোপন করিনি। যা সত্য, সেটাই হলফনামায় উল্লেখ করা হয়েছে।

স্ত্রীর সম্পদ সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, সদ্য বিবাহিত হওয়ায় স্ত্রীর নামে উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই। তিনি এখনো পড়াশোনা করছেন, গৃহিণী এবং কোনো ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত নন।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪