বিনোদন ডেস্ক: শীতের আমেজে গ্রামীণ ও শহুরে অনুষ্ঠানে দর্শক মাতাচ্ছেন টলিউড তারকারা। সম্প্রতি ভারতের মথুরাপুরে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের এক সময়ের ‘ড্যান্সিং কিং’ গোবিন্দ। তবে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক ছিল সেই একই মঞ্চে টলিউড সেনসেশন ইধিকা পালের উপস্থিতি।
গোবিন্দের সঙ্গে মঞ্চ শেয়ার করার অভিজ্ঞতা নিয়ে ইধিকা উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই তার সিনেমা ও গান দেখে বড় হয়েছি। তার মতো একজন কিংবদন্তির সঙ্গে মঞ্চে থাকা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। উত্তেজনা আর আনন্দ একসাথে মিশেছিল।
ইধিকা আরও জানান, কেবল মঞ্চ ভাগ করাই নয়, গোবিন্দর জনপ্রিয় গানের তালে পা মেলানো ছিল তার কাছে উপরি পাওনা। অনুষ্ঠানে আলাপচারিতার এক সময়ে গোবিন্দ তার ‘কিশোরী’গানটি প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কাজের জন্য শুভকামনা জানান। ইধিকা বলেন, প্রিয় তারকার মুখ থেকে আমার কাজের প্রশংসা শোনার পর উৎসাহ কয়েক গুণ বেড়ে গেছে।
উল্লেখ্য, ‘খাদান’ সিনেমার মাধ্যমে টলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন ইধিকা পাল। ছবির গানগুলো এখনও দর্শকদের মুখে মুখে ঘোরে। সম্প্রতি ‘প্রজাপতি ২’তে দেবের সঙ্গে তার জুটি ও সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইধিকা বিভিন্ন স্টেজ পারফরম্যান্স ও ইভেন্টে ব্যস্ত সময় পার করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম