রিপোর্টার্স২৪ ডেস্ক: সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধের মধ্যে সরকার আমদানিকৃত এবং দেশীয় উৎপাদিত এলপিজিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে আমদানিকৃত এলপিজিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় উৎপাদিত গ্যাসে ৭.৫ শতাংশে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তের পেছনে রয়েছে ভোক্তা পর্যায়ে দাম কমানো এবং বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB)-এর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের আশা, এই ভ্যাট পরিবর্তন সাধারণ ভোক্তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকায় ভোক্তারা চরম দুর্ভোগে পড়েছেন। খুচরা পর্যায়ে দোকানগুলোতে সিলিন্ডার নেই, হোটেলগুলো বিকল্প জ্বালানি ব্যবহার করছে, আর অনেক বাসায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না।
সরকারের এই পদক্ষেপকে ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, কারণ ভ্যাট কমানো সরাসরি দাম নিয়ন্ত্রণে এবং বাজারে জ্বালানি সরবরাহ পুনরায় সচল রাখতে সহায়ক হবে।
রিপোর্টার্স২৪/ঝুম