বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেসব জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন, তারা নির্বাচন পরিচালনার জন্য যোগ্য ও সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসনে জেলা প্রশাসকেরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং নির্বাচনের সময় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ডিসিদের যোগ্যতা ও প্রস্তুতি নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সেগুলোকে সরকার গুরুত্বের সঙ্গেই দেখছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যাঁরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের এবার সেই দায়িত্ব দেওয়া হয়নি।
তফসিল ঘোষণার আগে নতুন করে নিয়োগ পাওয়া ৫৫ জন জেলা প্রশাসকের অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে যে সমালোচনা হচ্ছে, সে বিষয়ে ড. আব্দুর রশীদ বলেন,অভিজ্ঞতা কেউ সঙ্গে নিয়ে আসে না, অভিজ্ঞতা তৈরি হয় কাজ করতে করতে। দায়িত্ব পালনের মধ্য দিয়েই অভিজ্ঞতা অর্জিত হয়।
তিনি আরও বলেন, যদি নিশ্চিত করা যায় যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মনোভাব সঠিক এবং তারা সঠিক পথে কাজ করবেন, তাহলে তারা সফলভাবেই দায়িত্ব পালন করতে পারবেন।
কোথাও যদি কোনো বিচ্যুতি বা নির্দিষ্ট কোনো সমস্যা দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢালাওভাবে কিছু বলা ঠিক নয়, যোগ করেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামগ্রিকভাবে সরকার মনে করে ডিসিরা নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুত ও যোগ্য। তবে কোনো জায়গায় বাস্তব সমস্যা দেখা দিলে সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি