রিপোর্টার্স২৪ডেস্ক: ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করার ঘটনায় বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
কোয়াব আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে এম নাজমুল ইসলামের মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।’ সংগঠনটি আরও বলেছে, ‘বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার ও দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের জন্য নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এমন বক্তব্য অগ্রহণযোগ্য এবং পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’
কোয়াব জানিয়েছে, বিসিবি সভাপতির কাছে ইতিমধ্যেই প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। সংগঠনটি দাবি করেছে, ‘একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন আসে। সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলা এবং তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানাই। আশা করি, বিসিবি সভাপতি দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেবেন।’
এর আগে এম নাজমুল ইসলাম তামিমের দীর্ঘ পোস্টের একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছিলেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ যদিও পরে তিনি পোস্টটি সরিয়ে দিয়েছেন, তা ততক্ষণে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নাজমুল ইসলাম বিষয়টি নিজের ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, এতে বোর্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
রিপোর্টার্স২৪/এসসি