স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট ১৩টি দেশের ১৭ জন আম্পায়ার ও চার জন ম্যাচ রেফারি—সব মিলিয়ে ২১ জন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। এই তালিকায় বাংলাদেশের রয়েছেন দুই জন।
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে—এমন কর্মকর্তাদেরই মূলত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দায়িত্ব দিয়েছে আইসিসি। আম্পায়ারদের তালিকায় বাংলাদেশের মাসুদুর মুকুল এবং ম্যাচ রেফারিদের তালিকায় নিয়ামুর রাহুল সুযোগ পেয়েছেন।
ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় গুপ্ত বলেন, “অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উঠতি ক্রিকেটারদের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, তেমনি এটি উদীয়মান আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের জন্যও দারুণ সুযোগ। ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে সক্ষম এমন প্রতিভাদের বিকাশে এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে। আমরা আশা করছি, ম্যাচ অফিসিয়ালদের পেশাগত অগ্রযাত্রায় এটি সহায়ক হবে।”
এই বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন—আহমদ শাহ দুররানি (আফগানিস্তান), এইডান সিভার (আয়ারল্যান্ড), করি ব্ল্যাক (নিউজিল্যান্ড), ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ), ফয়সাল আফ্রিদি (পাকিস্তান), ফর্স্টার মুতিজুয়া (জিম্বাবুয়ে), গ্রাহাম লয়েড (ইংল্যান্ড), আইনো চাবি (জিম্বাবুয়ে), লুবাবালো গুমা (দক্ষিণ আফ্রিকা), মাসুদুর মুকুল (বাংলাদেশ), নিতিন বাথি (নেদারল্যান্ডস), প্রগীথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা), রাসেল ওয়ারেন (ইংল্যান্ড), শন হেইগ (নিউজিল্যান্ড), শন ক্রেগ (অস্ট্রেলিয়া), বীরেন্দর শর্মা (ভারত) ও জাহিদ বাসারাত (ওয়েস্ট ইন্ডিজ)।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন—ডিন কস্কার (ইংল্যান্ড), গ্রায়েম লা ব্রয় (শ্রীলঙ্কা), নিয়ামুর রাহুল (বাংলাদেশ) ও প্রকাশ ভাট (ভারত)।
রিপোর্টার্স২৪/বাবি