সিনিয়র রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু সত্ত্বেও ভারত-বাংলাদেশ বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বিশেষ করে আইপিএল ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে কোনো ধরনের বিঘ্ন দেখা যায়নি বলে জানান তিনি।
রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
শেখ বশিরউদ্দীন বলেন,পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ আমরা সুনির্দিষ্ট কোনো দ্বিপক্ষীয় সিদ্ধান্তে যাই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে এবং সাম্প্রতিক পদক্ষেপগুলোর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না তা সরকার পর্যবেক্ষণ করছে।
এসময় উপস্থিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন কিছু ঘটনা সাধারণত দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় কোনো প্রভাব ফেলে না। তবে তিনি উল্লেখ করেন,
ভারত গত মে মাসে বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করেছিল। এতে আমাদের রপ্তানি কমেছে। কিন্তু বাংলাদেশ সে ধরনের কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।
ভারতে পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন,এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান স্বাভাবিক রাখার জন্য। অন্য কোনো দেশের ক্ষতি করার উদ্দেশ্যে এটি করা হয়নি। আমাদের নীতিগুলো সবসময় দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করেই নেওয়া হয়।”
রিপোর্টার্স২৪/এসসি