| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওটিটি মাতাচ্ছে নাফিস-পূর্ণিমা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ২২:০৬:৫৫:অপরাহ্ন  |  50035 বার পঠিত
ওটিটি মাতাচ্ছে নাফিস-পূর্ণিমা

স্টাফ রিপোর্টার: পারিবারিক বন্ধন, সামাজিক অবজ্ঞা ও আত্ম-অনুসন্ধানের এক মানবিক গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে সদ্য মুক্তি পেয়েছে বিশেষ নাটক ‘হ্যাভ এ নাইস ডে’। জীবনঘনিষ্ঠ নির্মাণশৈলী ও ব্যতিক্রমী গল্পের কারণে নাটকটির ট্রেইলার এবং ছোট ছোট ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের দৃষ্টি কেড়েছে। এটি কোনো গতানুগতিক প্রেমকাহিনি নয়; বরং সমাজের দৃষ্টিভঙ্গি, মানুষের মানসিক টানাপোড়েন ও জীবনের কঠিন বাস্তবতার এক শক্তিশালী প্রতিফলন।

নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই সংগ্রামী তরুণ-তরুণী—শুভ ও বৃষ্টিকে ঘিরে। ট্রেইলারে দেখা যায়, রিহ্যাব থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া শুভ যখন অতীতের অন্ধকার অধ্যায় পেছনে ফেলে নতুনভাবে বাঁচার চেষ্টা করে, তখন সমাজ তাকে ‘নেশাখোর’ কিংবা ‘জেল ফেরত’ তকমায় আটকে রাখে। অন্যদিকে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার পেশায় নিয়োজিত বৃষ্টিকেও সমাজ ভালো চোখে দেখে না। এই দুই অবহেলিত মানুষের পথ কীভাবে এক জায়গায় এসে মিলে যায় এবং কীভাবে তারা সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের অস্তিত্ব খুঁজে নেয়—সেই প্রশ্নের উত্তরই নাটকের মূল আকর্ষণ।

গল্পে বিশেষ মাত্রা যোগ করেছে এক রহস্যময় প্রবীণ চরিত্র। কখনো তিনি সাধারণ ডেলিভারি ম্যান, আবার কখনো দামি গাড়িতে চেপে হাজির হন। জীবনের চরম হতাশায় শুভ যখন আত্মহত্যার দ্বারপ্রান্তে, তখন এই রহস্যময় মানুষের একটি তীক্ষ্ণ সংলাপ দর্শকদের গভীরভাবে নাড়া দেয়— “রকস্টার হতে গিয়ে আপনি তো নেশাখোর স্টার হয়ে গেছেন, পারলে আগে রকস্টার হয়ে দেখান!”

এই চরিত্রের প্রকৃত পরিচয় ও তার অপ্রত্যাশিত কর্মকাণ্ড গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। নাফিজ আহমেদ ও পূর্ণিমা বৃষ্টির অনবদ্য অভিনয় নাটকটিকে নিয়ে গেছে আলাদা উচ্চতায়। প্রায় দেড় দশক পর এই নাটকের মাধ্যমেই পরিচালনায় ফিরেছেন টনি মাইকেল। তিনি জানান, আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর মতো দেশীয় ওটিটিতেও উৎসবমুখী ও মানসম্মত কনটেন্টের অভাব থেকেই ‘হ্যাভ এ নাইস ডে’ নির্মাণের ভাবনা আসে। তার ভাষায়, ধন্যবাদ কিংবা সরি বলার মতো ছোট ছোট মানবিক আচরণ কীভাবে সম্পর্কের নতুন জানালা খুলে দিতে পারে—সেটিই এই গল্পের মূল বক্তব্য।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা নাফিজ আহমেদ বলেন, এটি শুধু একটি নাটক নয়, বরং পথ হারানো মানুষের আলোর পথে ফিরে আসার গল্প। তার মতে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু সঠিক অনুপ্রেরণা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। টনি মাইকেলের নির্মাণে এই ‘ফিরে আসার’ গল্প দর্শকদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই তিনি আশাবাদী।

অন্যদিকে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা পূর্ণিমা বৃষ্টি জানান, নাটকটি আমাদের সমাজের কর্মজীবী নারীদের প্রতিদিনের বাস্তব সংগ্রামের প্রতিচ্ছবি। বিশেষ করে নারীদের বাড়ি ফেরার সময় নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি যেভাবে তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত সংবেদনশীল ও বাস্তবসম্মত। টনি মাইকেলের নির্দেশনায় কাজ করাকে তিনি একটি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন এবং দর্শকদের নাটকটি ভালো লাগবে বলেই বিশ্বাস করেন।

ক্ষমা, সহানুভূতি ও নিজেকে দ্বিতীয় সুযোগ দেওয়ার মানবিক বার্তা নিয়ে নির্মিত ‘হ্যাভ এ নাইস ডে’ নাটকটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে সরাসরি উপভোগ করা যাচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪