| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো গুরুত্বপূর্ণ কোনো দেশ নেই: মার্কিন দূত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৭:০৮:৪৭:অপরাহ্ন  |  ৭৮৯৬০৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মতো গুরুত্বপূর্ণ কোনো দেশ নেই: মার্কিন দূত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে ভারতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি জানান, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে পরবর্তী দফার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আগামী মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে আবার শুরু হচ্ছে।

দিল্লিতে মার্কিন দূতাবাসে বক্তব্য রাখতে গিয়ে গোর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক–দুই বছরের মধ্যে ভারত সফর করতে পারেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে ‘বাস্তব ও খাঁটি’ বলে উল্লেখ করেন।

গোর বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারত শুধু অভিন্ন স্বার্থের কারণেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ে গড়ে ওঠা একটি দৃঢ় সম্পর্কের মাধ্যমে আবদ্ধ। প্রকৃত বন্ধুরা মতভেদে জড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই মতপার্থক্য সমাধান করে।’

তিনি জানান, বাণিজ্য দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হলেও নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও যুক্তরাষ্ট্র ও ভারত ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিশ্বজুড়ে সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে গোর বলেন, “আমি নিজে দেখেছি— প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব বাস্তব।”

ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির আলোচনা চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, ভারতের মতো বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা সহজ নয়। তবে উভয় পক্ষই আলোচনাকে শেষ পর্যায়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া গোর ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কৌশলগত উদ্যোগ ‘প্যাক্স সিলিকা অ্যালায়েন্স’-এ পূর্ণ সদস্য হিসেবে আগামী মাসে ভারতকে অন্তর্ভুক্ত করা হবে। এই জোটের লক্ষ্য হলো নিরাপদ, টেকসই ও উদ্ভাবনভিত্তিক সিলিকন সরবরাহ চেইন গড়ে তোলা।

সবশেষে গোর বলেন, “ভারতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কৌশলগত অংশীদার নেই। আগামী মাস ও বছরগুলোতে রাষ্ট্রদূত হিসেবে আমি একটি উচ্চাভিলাষী এজেন্ডা নিয়ে কাজ করতে চাই— যেখানে শক্তি, সম্মান ও নেতৃত্ব নিয়ে আমরা একসঙ্গে এগিয়ে যাব।” সূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪