স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তের দুই গোলে রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় পেয়ে শেষ চারে জায়গা করে নেয় জার্মান ক্লাবটি।
বুধবার ম্যাচের ৮৯তম মিনিটে লুইস দিয়াজ এবং যোগ করা সময়ে মাইকেল অলিসের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে বায়ার্ন। সেমিফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে।
ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ভুলের সুযোগ নিয়ে প্রথম মিনিটেই গোল করেন আরদা গুলের। পরে ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে আবারও গোল করেন তিনি। এর মধ্যে বায়ার্নের হয়ে সমতা ফেরান আলেক্সান্ডার পাভলোভিচ।
হ্যারি কেনের গোল বায়ার্নকে আবার ম্যাচে ফেরালেও ৪২ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। গোলটির পেছনে অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গা। এরপর ১০ জনের দলে পরিণত হওয়া রিয়ালকে চাপে ফেলে শেষ দিকে দুই গোল করে জয় নিশ্চিত করে বায়ার্ন।
লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, এমন ম্যাচে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় এবং এতে তারা ভীষণ হতাশ।
অন্যদিকে, জয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেন। তিনি বলেন, রিয়ালের বিপক্ষে জিততে হলে সর্বোচ্চটা দিতে হয়। দল হিসেবে আমরা সেটা করেছি।
এদিকে অন্য কোয়ার্টার ফাইনালে আর্সেনাল গোলশূন্য ড্র করে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠেছে। এমিরেটস স্টেডিয়ামে কিছুটা রক্ষণাত্মক খেলা খেলেও প্রথম লেগের সুবিধা ধরে রাখে তারা।
সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে উঠেছে।
রিপোর্টার্স২৪/বাবি