বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে ফের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই তারকার কিছু কর্মকাণ্ড এবং একটি ফুটবল ম্যাচে নোরার উপস্থিতি থেকেই শুরু হয়েছে জল্পনা।
সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫–এর একটি ম্যাচে মরক্কো দলের সমর্থক হিসেবে গ্যালারিতে দেখা যায় নোরা ফাতেহিকে। মরক্কোর জার্সি গায়ে উচ্ছ্বসিত নোরার উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। এরপর থেকেই গুঞ্জন ছড়ায় নোরা কি শুধু নিজের দেশের দলকে সমর্থন করতেই সেখানে গিয়েছিলেন, নাকি মাঠে থাকা কথিত প্রেমিক আশরাফ হাকিমিকে উৎসাহ দিতেই তার এই সফর?
মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। একই সঙ্গে হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। এসব ঘটনায় সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহি বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা। অন্যদিকে প্যারিস সাঁ-জার্মেই ও মরক্কো জাতীয় দলের হয়ে খেলা আশরাফ হাকিমি বিশ্ব ফুটবলের একজন শীর্ষস্থানীয় তারকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নোরার ব্যক্তিগত জীবন ও কথিত ফুটবলার প্রেমিক নিয়ে আগেও গুঞ্জন ছিল। তবে হাকিমির সঙ্গে তার সাম্প্রতিক ঘনিষ্ঠতা সেই জল্পনাকে নতুন করে উসকে দিয়েছে।
সব মিলিয়ে, নোরা ফাতেহি ও আশরাফ হাকিমির সম্পর্ক এখনো গুঞ্জন ও জল্পনার পর্যায়েই রয়েছে। সত্যটা কী, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।
রিপোর্টার্স২৪/ঝুম