| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২,৫৭১ জন: মানবাধিকার সংস্থা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৪:৩০:২২:অপরাহ্ন  |  ৭৭৪৪৫২ বার পঠিত
ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২,৫৭১ জন: মানবাধিকার সংস্থা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গত দুই সপ্তাহ ধরে চলমান দেশব্যাপী বিক্ষোভে অন্তত ২,৫৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, সাধারণ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

এইচআরএএনএ-এর তথ্যমতে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২,৪০৩ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য যাচাই করা হয়েছে। এ ছাড়া সরকার সংশ্লিষ্ট ১৪৭ জন, ১৮ বছরের নিচে ১২ জন শিশু-কিশোর, এবং বিক্ষোভে অংশ না নেওয়া ৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটি জানায়, বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, অভিযান এবং গুলিবর্ষণের ঘটনায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে কঠোর তথ্য নিয়ন্ত্রণ ও ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার এক ইরানি সরকারি কর্মকর্তা জানান, দেশজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা অস্থিরতায় প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। তবে তিনি নিহতদের বিস্তারিত পরিচয় বা সংখ্যা উল্লেখ না করে দাবি করেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী। নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য—সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি।

এদিকে ইরানের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসকদের ওপর চাপ আরও জোরদার করেছেন। বিক্ষোভ দমনে ইরানের কঠোর অভিযানের বিরুদ্ধে তিনি একাধিকবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচি ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর থেকেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে সব ধরনের বিকল্প খোলা রয়েছে।

ইরানে চলমান এই সহিংস বিক্ষোভ এবং বিপুল প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সহিংসতা বন্ধ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪