বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই বলিউড অন্দরে গুঞ্জন ছিল, এবার সেই জল্পনা আরও স্পষ্ট রূপ নিতে চলেছে। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর জীবনের নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালেই তিনি মোদি পরিবারের বধূ হতে যাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
বলিপাড়ার একাধিক ঘনিষ্ঠ সূত্রের দাবি, জনপ্রিয় চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক রাহুল মোদির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবার পরিণয়ের পথে। কফিশপে আড্ডা, ব্যক্তিগত ডিনার ডেট কিংবা মুকেশ আম্বানির মতো শিল্পপতিদের হাই-প্রোফাইল পার্টিতে বিভিন্ন সময়ে একসঙ্গেই দেখা গেছে শ্রদ্ধা ও রাহুলকে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সেই নীরবতা খানিকটা ভাঙেন শ্রদ্ধা নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি সরাসরি জানান, আমি বিয়ে করছি। এই এক লাইনের জবাবেই নতুন করে আগুনে ঘি পড়ে যায়। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর চর্চা কে হচ্ছেন শ্রদ্ধার জীবনসঙ্গী?
শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডে পরিচিত মুখ না হলেও ইন্ডাস্ট্রিতে তার অবস্থান বেশ শক্ত। ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনেই তার কাজের পরিচিতি।
‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো সুপারহিট ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক হিসেবে তার নাম বেশ সমাদৃত।
প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে শ্রদ্ধাও বিয়ের জন্য বেছে নিচ্ছেন রাজস্থানকে। সূত্রের খবর, উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে বসতে যাচ্ছে এই তারকা বিয়ের আসর। পুরো আয়োজন হবে রাজকীয় ও ট্র্যাডিশনাল ধাঁচে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক করার পরিকল্পনা রয়েছে এই যুগলের।
যদিও এখন পর্যন্ত শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউড সূত্রের দাবি—বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
বলিউডের রোমান্টিক পর্দার গল্প এবার বাস্তব জীবনের নতুন অধ্যায়ে রূপ নিতে চলেছে। ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুরের জীবনের এই নতুন ইনিংস ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।
রিপোর্টার্স২৪/ঝুম