রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকে অবশেষে বাস্তবতায় রূপ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও পরিচিত উপস্থাপক রাফসান সাবাব। বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত এই জুটি।
বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব। বিয়ের ছবি শেয়ার করে আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, পরিবার ও ভালোবাসার মানুষদের সঙ্গে নিয়ে আমাদের নতুন জীবনের যাত্রা শুরু হলো। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ আমাদের দুই জীবন এক হলো একসাথে পথচলার এক সুন্দর গল্পের শুরু।
শোবিজ অঙ্গনে রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা ছিল বেশ কিছুদিন ধরেই। বিভিন্ন অনুষ্ঠান, ব্যক্তিগত আড্ডা ও সামাজিক আয়োজনে একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহলও কম ছিল না। যদিও তারা বরাবরই সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন। বিয়ের ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো।
খবর প্রকাশের পরপরই শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন নবদম্পতি। শোবিজের সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
উল্লেখ্য, রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় কয়েক বছর আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাফসানের প্রথম সংসার ভাঙা নিয়েও নানা গুঞ্জন ছড়ায়, যেখানে জেফারের নাম উঠে আসে। যদিও এ বিষয়ে দুজনের কেউই কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।
গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে একসঙ্গে তাদের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি রেস্তোরাঁয় তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নতুন জীবনের পথে পা রাখলেন রাফসান সাবাব ও জেফার রহমান।
রিপোর্টার্স২৪/ঝুম