বিনোদন ডেস্ক: কলকাতার আলোচিত অভিনেত্রী মিমি চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং চলচ্চিত্র-টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, নিজের কাজের মানের সঙ্গে আপস করা তার স্বভাবের বাইরে, তেমনি কম পারিশ্রমিক নিয়ে কাজ করাও তিনি চান না।
মিমি বলেন, আমি এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়েছি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলা অভ্যাসটা এখনও বদলায়নি। অনেকেই আমাকে কাজে ডাকেন না, কারণ আমি পারিশ্রমিকে কোনো দরদাম করি না। আমার কাজের ক্ষেত্রে শতভাগ নিবেদন দিই, তাই পারিশ্রমিক নিয়ে কেন আপস করব?
ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের ধারাবাহিক ‘গানের ওপারে’-এ ‘পুপে’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে অমর হয়ে ওঠা নিয়ে মিমি বলেন, পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারো পক্ষে ঘটানো সম্ভব নয়। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছি।
মিমি আরও জানান, আমি এটা মেনে নিয়েছি যে ইন্ডাস্ট্রিতে আমার কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে। তাই আমার কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। আমাকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই আমি বেছে কাজ করি।
চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নিজের দক্ষতা, সততা এবং ন্যায্য পারিশ্রমিকের প্রতি অঙ্গীকারের জন্য মিমি কেবল অভিনয়প্রেমীদের নয়, সহকর্মীদের মধ্যেও আলাদা জায়গা করে নিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম