আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে নিউইয়র্কে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন।
বৈঠকে জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই বলেন, ইরান ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে বলপ্রয়োগের হুমকি পরিত্যাগের আহ্বান এবং সব পক্ষকে সংযম দেখাতে বলেন।
একই বৈঠকে বক্তব্য দেন রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান ঘিরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে। আবার তারাই নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে। এটি সস্তা সার্কাসে পরিণত হয়েছে।
নেবেনজিয়া বলেন, আজকের বৈঠকটি, একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ আগ্রাসন ও হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। মস্কো ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। সব নিরপরাধ ভুক্তভোগীর জন্য শোক জানাচ্ছে।
মস্কোর প্রতিনিধি আরও বলেন, বিদেশি শক্তিগুলো বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি সরকার উৎখাত করতে চাইছে। তারা ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে ধ্বংস করতে চায়।
এদিকে যুক্তরাজ্যের প্রতিনিধি আর্চি ইয়ং ইরান সরকারের দমনপীড়নের নিন্দা ও ইরানের বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আর্চি ইয়ং বলেন, ইরানে সম্ভবত হাজার হাজার মানুষ নিহত এবং আরও বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এমন খবরে যুক্তরাজ্য মর্মাহত। এটি বিগত দশকগুলোর মধ্যে জনবিক্ষোভের ওপর সবচেয়ে নৃশংস দমন কাণ্ড। ইরানি কর্তৃপক্ষের উচিত তাদের জনগণকে রক্ষা করা, নিষ্ঠুরতা চালানো নয়। তেহরানের সরকার যদি এই পন্থ থেকে সরে না আসে তাহলে যুক্তরাজ্য অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করবে।
এদিন জাতিসংঘে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেইন দর্জি দাবি করেন, ইরানে কিছু নিরীহ নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সহিংসতা চালিয়েছে আইএসআইএস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে দর্জি বলেন, অপরাধ সংঘটিত করার জন্য তারা ভাড়াটে লোক পাঠিয়েছে।
এর আগে জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবী নিরাপত্তা পরিষদকে বলেন, ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকি উদ্বেগজনক। পরিস্থিতির অবনতি ঠেকাতে সব ধরনের চেষ্টা চালানো আবশ্যক।
রিপোর্টার্স২৪/এসএন