রিপোর্টার্স২৪ ডেস্ক: শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন মানেই ভক্তদের বাড়তি কৌতূহল। বিশেষ করে প্রিয় তারকার বিয়ে কবে, কার সঙ্গে এসব প্রশ্নে সবসময়ই মুখর থাকেন অনুরাগীরা। হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও এর ব্যতিক্রম নন।
সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়ের অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থিতি এবং হাসিখুশি মুহূর্তে ধরা পড়েন সুনেরাহ। বন্ধুদের আনন্দে সামিল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ান তিনি। তবে সেই বিয়ের আসরেই তার নিজের বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এ বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুনেরাহ পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন এখনই তার বিয়ের কোনো পরিকল্পনা নেই।
বিয়ে কবে এমন প্রশ্নে হালকা হাসি দিয়ে অভিনেত্রী বলেন, বিয়ের কোনো পরিকল্পনাই আপাতত নেই। যে বিষয়টা নিয়ে এখনো ভাবনাই শুরু করিনি, সেটা নিয়ে বানিয়ে কিছু বলারও মানে নেই।
বন্ধুদের বিয়েতে এত উচ্ছ্বাস কেন এমন প্রশ্নের উত্তরে সুনেরাহ জানান, তিনি মানুষ হিসেবে খুবই ইতিবাচক এবং শুভকামনাপ্রবণ।
তার কথায় আমার কাছের মানুষদের সুখী দেখতে আমার সত্যিই ভালো লাগে। পরিবার বা বন্ধুদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে পারাটা আমার কাছে আনন্দের। বর্তমানে অভিনয় আর ক্যারিয়ার নিয়েই পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। নতুন কাজ, চরিত্র নির্বাচন এবং নিজের জায়গা আরও শক্ত করার দিকেই মনোযোগ তার। সংসারী জীবনে পা রাখার চিন্তা আপাতত একেবারেই নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
ভক্তদের উদ্দেশে সুনেরাহর বার্তা পরিষ্কার সময় হলে সবাই সব জানতে পারবেন। এখন শুধু কাজ দিয়েই দর্শকদের ভালোবাসা ধরে রাখতে চাই।
রিপোর্টার্স২৪/ঝুম