| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরুখকে অপমানের প্রশ্নই ওঠে না: হান্দে এরচেল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১০:০০:৪৩:পূর্বাহ্ন  |  ৮৭০২৬৫ বার পঠিত
শাহরুখকে অপমানের প্রশ্নই ওঠে না: হান্দে এরচেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে ভক্তদের আবেগের কমতি নেই দেশ-বিদেশ সর্বত্রই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে সেই আবেগেই এবার জন্ম নিল এক অপ্রত্যাশিত বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। অভিযোগ ওঠে, তিনি নাকি শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন করেছেন।

ঘটনাটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হলে অবশেষে নীরবতা ভেঙে নিজের অবস্থান পরিষ্কার করলেন হান্দে।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে মঞ্চে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে উপস্থিত ছিলেন শাহরুখ খান। ওই সময় দর্শকসারিতে বসে পুরো মুহূর্তটি ভিডিও করছিলেন হান্দে এরচেল। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই ধরে নেন, শাহরুখের উপস্থিতিতে মুগ্ধ হয়েই এই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন তুর্কি এই অভিনেত্রী।

কিন্তু কিছুক্ষণ পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যেখানে দাবি করা হয় হান্দে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে তিনি শাহরুখ খানের ভক্ত নন, এমনকি তাকে চিনতেনও না। আরও দাবি করা হয়, পোস্টের শেষে শাহরুখকে ইঙ্গিত করে ‘এই কাকুটা কে?’এমন মন্তব্য করেছিলেন তিনি।

এই কথিত মন্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন শাহরুখ ভক্তরা। মুহূর্তের মধ্যেই হান্দে এরচেল হয়ে ওঠেন ট্রোলের শিকার।

অবশেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট শেয়ার করে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান হান্দে। তিনি স্পষ্ট করে বলেন, ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভুয়া এবং মনগড়া। তার ভাষায়, “আমি কখনোই শাহরুখ খানকে ‘কাকু’ বলে সম্বোধন করিনি। এই দাবি পুরোপুরি মিথ্যা।

হান্দের এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি তাহলে এল কোথা থেকে? অনেকেই ধারণা করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হতে পারে, আবার কেউ কেউ একে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেও মনে করছেন।

শাহরুখ খানের ভক্তদের একটি অংশের মতে, বিশ্বজুড়ে তার সম্মান ক্ষুণ্ণ করতেই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তবে সত্য যা-ই হোক, এই ঘটনায় প্রমাণিত ভাইরাল গুজব কত দ্রুত একজন শিল্পীকে বিতর্কের কেন্দ্রে ঠেলে দিতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪