| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিত্রাঙ্গদার বয়সকে হার মানানো সৌন্দর্যের নেপথ্য গল্প

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৩:৪১:০৫:পূর্বাহ্ন  |  ৮৪৯০৯৬ বার পঠিত
চিত্রাঙ্গদার বয়সকে হার মানানো সৌন্দর্যের নেপথ্য গল্প

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স যে কেবলই একটি সংখ্যা—তা আবারও প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বলিউডে ৫০ পেরোনো অভিনেত্রীর তালিকা এখন বেশ দীর্ঘ। মালাইকা অরোরা, কাজল, কারিশমা কাপুর, সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের পর সেই তালিকায় যুক্ত হয়েছেন চিত্রাঙ্গদা সিংও। তবে বয়সের অঙ্কে হাফসেঞ্চুরি ছুঁলেও তার সৌন্দর্য, ফিটনেস ও আত্মবিশ্বাস আজও তরুণ প্রজন্মের ঈর্ষার কারণ।

সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারা ও শরীরে তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজ বা রজোনিবৃত্তির সময় হরমোনজনিত নানা পরিবর্তন দেখা যায়—ত্বক নিষ্প্রাণ হয়ে পড়া, ওজন বেড়ে যাওয়া, ক্লান্তিভাব, মানসিক অস্থিরতা ইত্যাদি। কিন্তু এসব চ্যালেঞ্জকে যেন অনায়াসেই জয় করেছেন চিত্রাঙ্গদা। তার মতে, এই সাফল্যের পেছনে নেই দামি প্রসাধনী বা বিদেশি ডায়েট—বরং আছে প্রতিদিনের কিছু স্বাস্থ্যকর অভ্যাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রাত আকেলি হ্যায়: দ্য বনশল মার্ডার্স’ অভিনেত্রী জানান, দিনের শুরুটা তিনি করেন শরীরকে ভেতর থেকে সুস্থ রাখার মাধ্যমে। সকালে উঠে তিনি প্রথমেই পান করেন এক কাপ উষ্ণ পানি। এরপর খান জিরা ও জোয়ান ভেজানো পানি, যা তিনি আগের রাত থেকেই ভিজিয়ে রাখেন এবং সকালে হালকা ফুটিয়ে নেন। এতে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করেন তিনি। পাশাপাশি তার সকালের ডায়েটে থাকে ভেজানো কাঠবাদাম। কিছুক্ষণ পর তিনি ফল খান—বিশেষ করে কিউই ও পাকা পেঁপে।

পুষ্টিবিদদের মতে, চিত্রাঙ্গদার এই রুটিন বয়সজনিত শারীরিক পরিবর্তনের জন্য অত্যন্ত উপকারী। মেনোপজের সময়ে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, যা ত্বক ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার ও পানীয় এই ক্ষতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। গরম পানি ও জিরা-জোয়ানের পানি হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

এ ছাড়া এসব পানীয় শরীরে তরলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং পেটফাঁপার সমস্যা কমায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেটাবলিক রেট কমে যায়—এই পানীয়গুলো বিপাকক্রিয়া সচল রাখতেও সাহায্য করে। লেবুর রস ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করে, যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ। আর কিউই ও পাকা পেঁপেতে থাকা ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীর ডিটক্সিফিকেশনে সহায়ক।

সব মিলিয়ে বলা যায়, চিত্রাঙ্গদা সিং প্রমাণ করেছেন—সৌন্দর্য ধরে রাখার আসল চাবিকাঠি লুকিয়ে আছে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সচেতন খাদ্যাভ্যাস ও নিজের শরীরের যত্ন নেওয়ার মধ্যে। বয়সের সীমা নয়, বরং স্বাস্থ্যকর অভ্যাসই যে দীর্ঘদিন তারুণ্যের ঝলক ধরে রাখতে পারে—চিত্রাঙ্গদা সিং তার জীবন্ত উদাহরণ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪