বিনোদন ডেস্ক: পর ব্যক্তিজীবন নিয়ে মুখ খুলে আবারও আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পর্দায় শক্তিশালী উপস্থিতি আর বাস্তব জীবনে স্পষ্টভাষী মনোভাবের জন্য যিনি বরাবরই আলাদা করে নজর কেড়েছেন, সেই বাঁধন এবার জানালেন তিনি প্রেমে আছেন। একা থাকার অধ্যায় যে শেষের পথে, তারই ইঙ্গিত মিলেছে অভিনেত্রীর কথায়।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেন বাঁধন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তার জীবনে বিশেষ একজন মানুষের উপস্থিতি রয়েছে। প্রেমের কথা অকপটে স্বীকার করলেও সেই মানুষটির পরিচয় প্রকাশে আপাতত রাজি নন তিনি।
বাঁধন বলেন, আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটা এখনই বলা সম্ভব না। কিছু সীমাবদ্ধতা আছে। নইলে আমি সবই বলতাম। কারণ, ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করতে আমি পছন্দ করি না।” তার এই বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের ব্যাপারে তিনি লুকাতে চান না, তবে সময় আসলেই সব জানাতে চান।
ব্যক্তিজীবনের পাশাপাশি নিজের কাজ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। অভিনয়ে আরও গভীরভাবে মনোযোগী হতে চান বলে জানান তিনি। চরিত্রনির্ভর ও ভিন্নধর্মী কাজের প্রতি আগ্রহ প্রকাশ করে বাঁধন বলেন, ভবিষ্যতে নিজেকে আরও ভাঙতে চান, নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে চান নিজেকে।
কাজের ব্যস্ততাও কম নয় তার। বর্তমানে পরিচালক তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাঁধন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। এছাড়া তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত সিনেমা ‘মাস্টার’ নির্বাচিত হয়েছে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি সিনেমাটি সেখানে প্রদর্শিত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম