এন্টারটেইনমেন্ট ডেস্ক: কলকাতার বাইরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। রবিবার (২৫ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার বনগাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরই তাঁকে অনুষ্ঠান বন্ধ করে চলে যেতে বলা হয় বলে অভিযোগ করেছেন অভিনেত্রী।
মিমি জানান, অনুষ্ঠান শুরু করার পর আচমকাই তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁর উদ্দেশ্যে বলেন, আপনি চলে যান। বিষয়টি প্রথমে বিশ্বাস করতে না পারলেও বারবার একই কথা বলায় তিনি অপমানিত ও বিস্মিত হয়ে পড়েন। পরিস্থিতি আর না বাড়িয়ে দর্শকদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ত্যাগ করেন বর্তমান সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।
পরে এ ঘটনায় বনগাঁ থানার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানান মিমি। পুলিশ সূত্রে জানা গেছে, ই-মেইলের মাধ্যমে বনগাঁ থানায় লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মিমি চক্রবর্তী বলেন, তাঁর দীর্ঘ কর্মজীবনে এ ধরনের আচরণের মুখোমুখি এই প্রথম। তাঁর মতে, বর্তমানে শিল্পীদের অনেকেই অনুষ্ঠান আয়োজকদের কাছে যেন ‘নিজস্ব সম্পত্তি’ হয়ে উঠেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। নিজের রাজ্যেই শিল্পীদের এভাবে হেনস্থার ঘটনায় তিনি গভীর আশঙ্কাও প্রকাশ করেন।
মিমি আরও বলেন, ভবিষ্যতে অন্য নারী শিল্পীরাও এ ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন। তাই কার সঙ্গে, কোথায় অনুষ্ঠান করতে যাচ্ছেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অতীতে অনুষ্ঠান করতে গেলে তেমন নিরাপত্তা ছাড়াই সম্মানজনক পরিবেশে কাজ করতে পারতেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
এ ঘটনায় চুপ না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিমি চক্রবর্তী। তিনি জানান, শিল্পী ও নারীদের প্রতি সম্মান রক্ষার স্বার্থে আইনি পথে লড়াই চালিয়ে যাবেন। প্রয়োজনে মানহানির নোটিস পাঠানো হবে বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী।