রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের গানের জগতে এক বিশেষ পরিচয় অরিজিৎ সিংয়ের। হিন্দি ও বাংলা উভয় ভাষায় অসংখ্য গান গেয়ে শ্রোতা ও সমালোচকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। কিন্তু এবার ভক্তদের জন্য একটি বড় চমকপ্রদ, একই সঙ্গে দুঃসংবাদ দিলেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত কয়েক দশক ধরে যে ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব, বলেছেন তিনি।
অরিজিৎ আরও জানিয়েছেন, তিনি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন সিনেমার গানে কণ্ঠ দেবেন না। তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ করব না। এখানেই আমার এই পথচলার ইতি।
তিনি বলেন, এই যাত্রা তার জন্য সত্যিই চমৎকার ও স্মরণীয় ছিল। ভক্তরা তাঁর গানের জাদু ও আবহময় কণ্ঠকে সর্বদা মনে রাখবেন বলে আশা প্রকাশ করেছেন। অরিজিৎ সিংয়ের এই ঘোষণার পর ভক্তদের মধ্যে উভয়ধরনের অনুভূতি একদিকে কৃতজ্ঞতা, অন্যদিকে তার নতুন গান না শোনার দুঃখ সৃষ্ট হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম