এন্টারটেইনমেন্ট ডেস্ক: শিশুশিল্পী হিসেবে ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে টলিউডে নিজের জায়গা তৈরি করছেন আর্শিয়া মুখোপাধ্যায়। ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’-তে নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে দর্শকের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে দেব অভিনীত সিনেমায় কাজ করে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা ‘ওসিডি’।
সম্প্রতি ছবিটি ও নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আর্শিয়া কথা বলেছেন গণমাধ্যমে। ‘ওসিডি’ সিনেমায় যুক্ত হওয়ার প্রসঙ্গে তিনি জানান, পরিচালক সৌকর্য ঘোষালের পরিবারের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। সেই সূত্র ধরেই অডিশনের পর ছবিটিতে তাকে কাস্ট করা হয়।
আর্শিয়া বলেন, “দেবের ‘ককপিট’ সিনেমায় কাজ করলেও তখন আমি অনেক ছোট ছিলাম। আসলে সিনেমায় কাজের প্রকৃত অভিজ্ঞতা পেয়েছি ‘ওসিডি’তে। সবাই খুব গুণী মানুষ। প্রতিটা মুহূর্তে আমাকে শিখিয়েছেন।”
এই সিনেমায় আর্শিয়াকে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ছোটবেলার চরিত্রে। যদিও একই সিনেমায় অভিনয় করলেও জয়ার সঙ্গে সরাসরি কাজ করা হয়নি তার। আর্শিয়া বলেন, “একবার শুটিং সেটে দেখা হয়েছিল, তখন শুধু আলাপ হয়েছিল। সিনেমাটি একটি স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত। এই সিনেমার গল্প শিশুদের ওপর নির্যাতন এবং মানসিক রোগ ‘ওসিডি’ নিয়ে। আমার চরিত্রটি ছোটবেলায় নির্যাতনের শিকার হয় এবং বড় হয়ে তার প্রভাব দেখা যায়। চরিত্রটির নাম পরিবর্তন হতে পারে, তাই এখন বলা ঠিক হবে না।”
চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয় করা সহজ ছিল না উল্লেখ বরে তিনি বলেন, “আমি তখন ক্লাস ফাইভে পড়তাম। এখন যেভাবে চরিত্রটা বুঝতে পারি, তখন অতটা বুঝিনি। পরিচালক আর সহশিল্পীরা আমাকে অনেক গাইড করেছেন। ওদের সাহায্যেই কাজটা করতে পেরেছি।”
শুটিং সেটের একটি আবেগঘন স্মৃতির কথাও শেয়ার করেন আর্শিয়া। সিনেমায় তার বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিমেশ ভাদুরী, যাকে তিনি বাস্তবেও ‘বাবা’ বলে ডাকেন। “একটি দৃশ্যে আমাকে চড় মারতে হয়েছিল ওনাকে। উনি একদমই চাইছিলেন না। আমার অনুমতি নিয়েই চড়টা মারেন। এরপর নিজেই এসে আমার কাছে ক্ষমা চেয়ে বলেন—‘বাবা, তোকে চড় মারতে হলো, আমাকে ক্ষমা করে দিস।’ স্মৃতিটা আমার কাছে খুব স্পেশাল।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে আর্শিয়া বলেন, পড়াশোনার কারণে কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। সামনে তার মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষে আবার নিয়মিত অভিনয়ে ফিরতে চান। শিগগিরই তাকে দেখা যাবে ‘স্বর্গরথ সরগরম’ নামের একটি ওয়েব সিরিজে, যা মুক্তি পাবে প্ল্যাটফর্ম ৮-এ।
নায়িকা হিসেবে কবে দেখা যাবে—এমন প্রশ্নে আর্শিয়ার উত্তর, “এখনও বয়স কম। আরেকটু বড় হয়ে পরিপক্কতা এলে নায়িকা হতে চাই। ইচ্ছা অবশ্যই আছে, তবে রোমান্টিক চরিত্রে নিজেকে দেখানোর জন্য আরও সময় নিতে চাই।”
রিপোর্টার্স২৪/ধ্রুব