| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুকি-চিনের ইউনিফর্ম উদ্ধার : আ. লীগ নেতার ভাই ৫ দিনের রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১৫:৪০:০৭:অপরাহ্ন  |  ১৮৩১২০৬ বার পঠিত
কুকি-চিনের ইউনিফর্ম উদ্ধার : আ. লীগ নেতার ভাই ৫ দিনের রিমান্ডে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের মামলায় কাপড় সরবরাহের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ভাই তারিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম খলিলের আদালত এ আদেশ দেন। একই মামলায় তৌহিদুল ইসলাম ও আতিকুর রহমান নামে আরও দুই আসামিকেও ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কেএনএফ সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা ওয়েল কম্পোজিট নিট কেমিক্যাল ফেব্রিকস ডাইংয়ের মালিক-কর্মকর্তা হয়ে কেএনএফের পোশাক তৈরির জন্য বায়েজিদের রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় ফেব্রিকস সরবরাহ করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করা প্রয়োজন।

আসামি তারেকুল ইসলাম ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক। এটি সাবেক এমপি ছালামের পারিবারিক ব্যবসা ওয়েল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের সময় একাধারে নয় বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ছিলেন। সবশেষ তিনি ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ জানায়, গত ১৭ মে বায়েজিদ বোস্তামী থানার এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করা হয়। এরপর ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি সন্দেহজনক ইউনিফর্ম জব্দ করে পুলিশ। ২৭ মে রাতে পাহাড়তলী থানার ডিটি রোডের একটি কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪