রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের প্রযোজিত সিনেমা এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি পাচ্ছে। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’-এর ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’-এর একটি গানের নৃত্য পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পাচ্ছেন কোরিওগ্রাফার হাবিবুর রহমান হাবিব।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, সিনেমাটির টাইটেল ট্র্যাক ‘লাল শাড়ি’ গানের জন্য সেরা নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান হাবিব। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে হাবিবুর রহমান হাবিব বলেন, “আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এই সম্মানের জন্য সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ‘লাল শাড়ি’ ছবির পরিচালক শ্রদ্ধেয় বন্ধন বিশ্বাস দাদা এবং প্রযোজক অপু বিশ্বাস দিদিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পুরস্কার আমার বন্ধু ও ভক্তদের উৎসর্গ করলাম।”
উল্লেখ্য, ‘লাল শাড়ি’ সিনেমাটি বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে উপজীব্য করে নির্মিত। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক।
রিপোর্টার্স২৪/আয়েশা