স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল শুক্রবার সুপার সিক্সের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ৯০ রানের বড় ব্যবধানে।
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান—টি-টোয়েন্টিতে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝকঝকে হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির আগ্রাসী ইনিংসে ভর করেই বড় স্কোর গড়ে টাইগ্রেসরা।
ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। উদ্বোধনী জুটিতে আসে ৬৭ রান। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া সমান বলে ২২ রান করেন। এরপর শারমিন আক্তার সুপ্তা ১৫ রানে ফিরলে কিছুটা চাপ তৈরি হয়। তবে চতুর্থ উইকেটে ১০০ রানের দুর্দান্ত জুটিতে ম্যাচের রাশ পুরোপুরি বাংলাদেশের হাতে তুলে নেন জ্যোতি ও সোবহানা।
জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা মোস্তারি ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৪৭ রানের বিধ্বংসী ইনিংস।
জবাবে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তার ফেরান ডার্সি কার্টারকে। পরে মারুফা ও স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কটিশরা তুলতে পারে মাত্র ১০১ রান।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল। এ ছাড়া মেগান ম্যাককলের ২০ রান ছাড়া আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৩টি এবং স্বর্ণা আক্তার নেন ২টি উইকেট।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে টাইগ্রেসরা জিতেছিল রেকর্ড ২৪৯ রানে। এছাড়া ২০২৪ নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১৯১ রান তুলে ১১৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এবারও সমান ১৯১ রান করে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান) জয় পেল নিগার সুলতানা জ্যোতির দল।
রিপোর্টার্স২৪/বাবি