| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন গল্প, নতুন মাধ্যম

‘ডোন্ট বি শাই’ দিয়ে আবার প্রযোজক আলিয়া ভাট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১০:০১:১৯:পূর্বাহ্ন  |  ৮২২৪৬৪ বার পঠিত
‘ডোন্ট বি শাই’ দিয়ে আবার প্রযোজক আলিয়া ভাট

বিনোদন ডেস্ক: প্রযোজক হিসেবে নতুন করে ফিরছেন বলিউড তারকা আলিয়া ভাট। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘জিগরা’ ছবির প্রত্যাশিত সাফল্য না আসার পর এবার তিনি সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নতুন একটি রোমান্টিক কমেডি প্রকল্পের ঘোষণা দিলেন। ছবির নাম ‘ডোন্ট বি শাই’, যা মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

আলিয়ার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’এর ব্যানারে নির্মিত এই ছবির ঘোষণা দেওয়া হয় শুক্রবার (৩০ জানুয়ারি)। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি মজাদার, ব্যঙ্গধর্মী ভিডিওর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে ছবির নাম ও প্রজেক্টের ধারণা। ভিডিওতে আলিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন তার বোন ও প্রযোজনা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা শাহিন ভাট।

দুই মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিওটি শুরু হয় এক অদ্ভুত পরিস্থিতি দিয়ে। ফোনে একটি ‘জরুরি’ কল পেয়ে দুশ্চিন্তায় পড়েন আলিয়া জানা যায়, তাদের ছবির অভিনেতা নাকি হঠাৎ নিখোঁজ! ফোনে বিরক্তি প্রকাশ করতে করতেই তিনি টের পান, ক্যামেরা তাকে অনুসরণ করছে। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে ক্যামেরাকে ঘরে ঢুকতে আমন্ত্রণ জানান তিনি। ক্যামেরার পেছন থেকে প্রশ্ন আসে ভালো প্রযোজক হওয়ার আসল রহস্য কী? আলিয়ার উত্তর, ‘মন দিয়ে শোনা।’ যদিও ঠিক তখনও তার ফোন থামছেই না।

ভিডিওর পরবর্তী অংশে জানা যায়, ছবির চিত্রনাট্য নাকি একটি কচ্ছপ খেয়ে ফেলেছে! এই অদ্ভুত তথ্যের মধ্যেই ঘরে ঢোকেন শাহিন ভাট, যিনি আগে থেকেই কচ্ছপ নিয়ে কাজ করার ঝুঁকি সম্পর্কে আলিয়াকে সতর্ক করেছিলেন বলে ঠাট্টার ছলে মনে করিয়ে দেন। এরপর হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়, ভালো গল্পের খোঁজে দুই প্রযোজকের হিমশিম খাওয়া যেখানে বারবার সামনে আসছে শুধুই অ্যাকশন আর প্রতিশোধের গল্প।

ভিডিওতেই আলিয়া জানান, ‘ডোন্ট বি শাই’ এমন একটি গল্প যেখানে রোমান্স, হৃদয়ভাঙা, প্রতারণা আর গান সবই আছে। গল্পে রয়েছে নারী-পুরুষ, শিক্ষক এবং এমনকি একটি কচ্ছপও। শাহিন ভাট যোগ করেন, এটি এমন একটি গল্প যার সঙ্গে মানুষ ধীরে ধীরে বড় হয়ে ওঠে।

ছবির কাহিনি আবর্তিত হবে ২০ বছর বয়সী শ্যামিলি ‘শাই’ দাসকে ঘিরে। নিজের জীবন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে যে বিশ্বাস করে, কিন্তু হঠাৎ ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনা তার সাজানো পরিকল্পনাকে এলোমেলো করে দেয়।

‘ডোন্ট বি শাই’ লিখেছেন ও পরিচালনা করেছেন শ্রীতি মুখার্জি। ছবিটি খুব শিগগিরই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রযোজক হিসেবে আলিয়ার যাত্রা শুরু হয়েছিল নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত ছবি ‘ডার্লিংস’ দিয়ে। পরে তিনি প্রাইম ভিডিওর জন্য প্রযোজনা করেন সমালোচকদের প্রশংসা পাওয়া সিরিজ ‘পোচার’। যদিও ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অ্যাকশন ছবি ‘জিগরা’ বাণিজ্যিকভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪