রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোট পর্দায় ধারাবাহিক হিট নাটক উপহার দিয়ে দর্শকদের মন জয় করা অভিনেতা ইফতেখার তুহিন ইফতি এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে তিনি বাবা হয়েছেন, তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান।
শনিবার সকাল ৬টা ২৮ মিনিটে ধানমন্ডির গ্রেস হসপিটালে নবজাতকের কান্না শোনার পর থেকে ইফতি আবেগে ভাসছেন। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। মনে হচ্ছে, আলেকজান্ডারের বিজয়ের আনন্দের চেয়েও বেশি আনন্দ এটি। সন্তানকে কোলে নিয়ে মনে হলো আমি যেন এক পৃথিবী জয় করে ফেলেছি।”
ইফতি জানান, সদ্যোজাত ছেলের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্ন একটু ভিন্ন। তিনি চান, ছেলে নায়ক বা ডাক্তার না হয়ে ক্যামেরার পেছনের একজন দক্ষ চিত্রপরিচালক হোক।
মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথির আগমনে ইফতির পরিবার এবং ভক্তদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/আয়েশা