রিপোর্টার্স২৪ ডেস্ক: ভার্চুয়াল দুনিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিদায় নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর এক প্রতিবেদনে বলা হয়, মা হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে কম সক্রিয় থাকার কথা ভাবছেন আলিয়া। অনেক সময় নিজের একাধিক অ্যাকাউন্ট মুছে ফেলার কথাও তার মনে আসে।
আলিয়ার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় কাটালে কাজে মনোযোগ নষ্ট হয় এবং জীবনের মূল্যবান সময় অপচয় হয়।
তবে ভক্তদের কথা ভেবে শেষ পর্যন্ত সরে আসতে পারেন না তিনি। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। এখানে দুই পক্ষই নিজেদের অনুভূতি ভাগাভাগি করতে পারেন। এই বিষয়টি ভেবেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
বর্তমানে পুরোপুরি বিদায় না নিলেও সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেকটাই কমিয়ে দিয়েছেন আলিয়া ভাট। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন প্রাইভেট। তাকে অনুসরণ করতে হলে অনুমতি প্রয়োজন হয়। ফলে তার সর্বশেষ পোস্ট বা আপডেট সবাই দেখতে পারেন না।
রিপোর্টার্স২৪/আয়েশা