| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামজার ‘হোম অভিষেক’ হতে পারে আজই

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ০৯:১৫:০৯:পূর্বাহ্ন  |  ১৫৮৯৩৮৪ বার পঠিত
হামজার ‘হোম অভিষেক’ হতে পারে আজই
ছবির ক্যাপশন: হামজার ‘হোম অভিষেক’ হতে পারে আজই

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের জার্সিতে ইতোমধ্যেই অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ভারতের শিলংয়ে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নিজের দক্ষতা দেখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা।


এবার দেশের মাঠে তার অভিষেক দেখার অপেক্ষায় বাংলাদেশি সমর্থকেরা। সেই অপেক্ষার অবসান ঘটতে পারে আজই। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষে তাকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।


এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হতে পারে ইতালির চতুর্থ স্তরের লিগে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহামিদুল ইসলামেরও।


বাংলাদেশের ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে জামাল ভূঁইয়া, তারিক কাজিসহ রয়েছেন ছয়জন প্রবাসী ফুটবলার। এর মধ্যে হামজা ও ফাহামিদুল ইতোমধ্যেই বাফুফের ক্যাম্পে যোগ দিয়েছেন। শমিত সোমও চলে এসেছেন আজ সকালে। ফলে ভুটান ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম।


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ কাবরেরা বলেন, ‘কিছু খেলোয়াড় সুযোগ পাবে। পাশাপাশি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য এটি ভালো একটি প্রস্তুতি। আপনি একটি মিশ্র দল দেখতে পাবেন।’


এই বক্তব্যের পর কোচকে জিজ্ঞাসা করা হয়, হামজা চৌধুরী খেলবেন কিনা। সরাসরি জবাব দেন, ‘অবশ্যই, হ্যাঁ।’


ফাহামিদুলকে খেলানো নিয়ে কাবরেরা বলেন, ‘ওকে কিছু সময়ের জন্য দেখা যাবে। অনুশীলন ম্যাচে সে ভালো করছে।’


অর্থাৎ, ফাহামিদুলকে হয়তো পুরো ম্যাচে না খেলালেও বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে।


প্রবাসী ফুটবলারদের নিয়ে কোচ কাবরেরা বলেন, ‘যারা বিদেশ থেকে এসেছে, সবাই ভালো করছে। হামজা আরও ভালো করছে। গতকাল সে নিজে থেকেই অনুশীলনে নামতে চেয়েছিল। তার মধ্যে খেলার তীব্র ইচ্ছা আছে, যা খুবই ইতিবাচক।’


ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গত শুক্রবার থেকে শুরু হয় বাংলাদেশ দলের ক্যাম্প। শনিবার ছিল প্রথম অনুশীলন সেশন। তবে বৈরী আবহাওয়ার কারণে সেদিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সম্ভব হয়নি। তাৎক্ষণিক সিদ্ধান্তে অনুশীলন হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। এরপর সংস্কারের পর রোববার প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামে রাকিব হোসেন, শেখ মোরসালিনসহ দলের অন্যরা।


প্রথম দিন থেকেই দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহামিদুল। আর সোমবার যোগ দেন হামজা চৌধুরী।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪