বিনোদন ডেস্ক: হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী। সম্প্রতি ফেসবুকে দেওয়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। ছবিতে অভিনেতাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক লুকে। মাথায় একটিও চুল নেই, চোখের দৃষ্টিতে যেন লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। টোটার এমন অচেনা রূপ দেখে রীতিমতো বিস্মিত তার ভক্ত ও অনুসারীরা।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন টোটা। কোলাজের এক পাশে রয়েছে তার পরিচিত চেহারা পরিপাটি চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি আর চোখে চশমা। আর ঠিক তার বিপরীত পাশে একেবারে টাক মাথার এক কঠোর, গম্ভীর টোটা। দুই রূপের এই তীব্র বৈপরীত্য আরও কৌতূহল বাড়িয়েছে দর্শকদের মধ্যে। পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন মাত্র একটি শব্দ‘দু মুখো’। এই এক শব্দেই যেন ইঙ্গিত লুকিয়ে আছে অনেক কিছু।
যদিও টোটা নিজে এখনো স্পষ্ট করে কিছু জানাননি, তবে কলকাতার বিনোদন মহলে গুঞ্জন থেমে নেই। অনেকের ধারণা, নতুন কোনো সিনেমা বা ওয়েব প্রজেক্টে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেই সম্ভাব্য চরিত্রের আভাস দিতেই হয়তো এমন রহস্যময় পোস্ট।
এর আগেও টোটা রায়চৌধুরী বারবার প্রমাণ করেছেন, চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে তিনি কখনো পিছপা হন না। টালিউডে দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি এখন তিনি নিয়মিত কাজ করছেন বলিউডেও। বিশেষ করে ২০২৩ সালে করণ জোহর পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে চন্দন চ্যাটার্জি চরিত্রে তার অনবদ্য অভিনয় ও ধ্রুপদী নৃত্য দর্শক ও সমালোচকদের আলাদা করে নজর কেড়েছিল।
সেই সাফল্যের পর থেকেই টোটাকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। নতুন এই লুক তাই শুধু চমক নয়, বরং ইঙ্গিত দিচ্ছে আরও বড় কোনো সারপ্রাইজের। এখন দেখার বিষয়, টোটা রায়চৌধুরী ঠিক কী নিয়ে আসছেন তার দর্শকদের জন্য।
রিপোর্টার্স২৪/ঝুম