স্টাফ রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ (১০ জুন) সন্ধ্যা ৭টায় মুখোমুখি বাংলাদেশ ও সিঙ্গাপুর। হাইভোল্টেজ এই ম্যাচকে ঘিরে সারা দেশজুড়ে তৈরি হয়েছে এক ভিন্নমাত্রার উন্মাদনা। ঈদের ছুটির মধ্যেও এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে দারুণ উৎসাহ।
ম্যাচ শুরুর ৫-৬ ঘণ্টা আগেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দুপুর ১টার আগেই গুলিস্তান মোড় থেকে স্টেডিয়াম চত্বর পর্যন্ত ভরে ওঠে সমর্থকদের ঢল। জাতীয় পতাকা, প্রিয় ফুটবলারদের জার্সি ও বাহারি প্ল্যাকার্ড-ব্যানার হাতে সমর্থকরা জমায়েত হন চারপাশে।
অনেকেই আগেভাগে গেটের সামনে অবস্থান নিয়েছেন মাঠে প্রবেশের আশায়। বাফুফে ঘোষিত ১৮ হাজার ৩০০ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। গেট খোলার সময় ছিল বেলা ২টা, তবে কিছুটা দেরিতে খোলা হলেও ততক্ষণে স্টেডিয়াম চত্বর ভরে গেছে ফুটবলভক্তে।
বাফুফে আগেই জানিয়েছে, সন্ধ্যা ৫টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে। তাই দুপুর গড়াতেই দর্শকদের লাইন পড়ে যায় গেটের সামনে।
মাঠের চারপাশে দেখা গেছে ব্যতিক্রমী সব চিত্র। কেউ এসেছেন ঘোড়ায় চড়ে, কেউবা হাজির হয়েছেন হামজা চৌধুরীর মতো হেয়ারস্টাইল করে। বাদ্য-বাজনা বাজিয়ে, আনন্দ-উল্লাসে তারা প্রাণবন্ত করে তুলেছেন পুরো স্টেডিয়ামপাড়া।
যাদের ভাগ্যে টিকিট জোটেনি, তাদের জন্যও রয়েছে খেলা দেখার সুযোগ। টি স্পোর্টস ও বাফুফের যৌথ উদ্যোগে দেশের আটটি স্থানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। স্থানগুলো হলো: ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহ জেলা পরিষদ চত্বর, রংপুর জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের রিকাবি বাজার পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড়, বরিশালের বেল’স পার্ক।
রিপোর্টার্স২৪/আরএইচ