স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও আপাতত মাঠে নামার সম্ভাবনা নেই সাকিব আল হাসান-এর। আগামী ১১ মার্চ শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বাস্তব পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব আইনি জটিলতা নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে।
বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের আইনি বিষয়গুলো সমাধানের প্রক্রিয়া চলছে, যাতে তিনি দ্রুততম সময়ে ক্রিকেটে ফিরতে পারেন। তবে আইনি জটিলতার পাশাপাশি কারিগরি কারণেও পাকিস্তান সিরিজের দলে তাঁর থাকা অনিশ্চিত হয়ে পড়েছে।
নির্বাচক কমিটি সূত্রে জানা গেছে, বিসিবির পক্ষ থেকে সাকিবকে দলে রাখার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সবুজ সংকেত মেলেনি। দীর্ঘ প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা সাকিবের ফিটনেস ও বর্তমান ফর্ম যাচাই না করে সরাসরি আন্তর্জাতিক ম্যাচে খেলানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে নির্বাচকদের মধ্যে। ফলে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত করা খসড়া দলে তাঁর নাম রাখা হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্টদের মতে, দেশে ফিরতে পারলে সাকিব প্রথমে বিসিবির ট্রেনার ও ফিজিওদের অধীনে ফিটনেস নিয়ে কাজ করবেন। এরপর ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়ে পারফরম্যান্স প্রমাণের পরই জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার পাশাপাশি প্রস্তুতির ঘাটতির কারণে আপাতত পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।
রিপোর্টার্স২৪/বাবি