| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিফা বিশ্বকাপ ২০২৬

আলজেরিয়া ম্যাচের আগেই সবাইকে ফিট পাওয়ার আশা আর্জেন্টিনার

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৬ ইং | ১৫:৪৩:২৯:অপরাহ্ন  |  ১৮৭ বার পঠিত
আলজেরিয়া ম্যাচের আগেই সবাইকে ফিট পাওয়ার আশা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে চোটজনিত দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির। ক্যানসাসে দলের ক্যাম্পে যোগ দেওয়া ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে অন্তত ৯ জন খেলোয়াড়ই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তবে কোচ লিওনেল স্কালোনির স্টাফ আশাবাদী—১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সবাইকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যাবে।

আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট মনে করছে, ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে কোনো পরিবর্তনের প্রয়োজন পড়বে না। এরই মধ্যে ক্যানসাসে প্রথম দুটি অনুশীলন সেশন সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

চোটের তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা এবং নিকোলাস পাজের ক্ষেত্রে। তিনজনই প্রথম অনুশীলন সেশনে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন। বিশেষ করে আলভারেজ চ্যাম্পিয়নস লিগে চোট পাওয়ার পর ইনজেকশন নিয়েও খেলে মৌসুম শেষ করেছিলেন, তবে এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

নিকো পাজ ও আলমাদাও শারীরিক ধকল ও পুরোনো ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পথে আছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

রক্ষণের ভরসা ক্রিস্টিয়ান রোমেরোর অবস্থাও এখন উন্নতির দিকে। টটেনহামের হয়ে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও এখন তিনি পূর্ণ অনুশীলনে ফিরেছেন। ধারণা করা হচ্ছে, আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কিছু সময় খেলতেও পারেন তিনি।

অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও সতর্কতা অবলম্বন করছে কোচিং স্টাফ। সাম্প্রতিক ম্যাচে হ্যামস্ট্রিং সমস্যার কারণে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হলেও চোট গুরুতর নয় বলে নিশ্চিত করা হয়েছে। তবুও ঝুঁকি এড়াতে তাকে ধীরে ধীরে ম্যাচে ফেরানো হবে।

ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। দুজনকেই পর্যবেক্ষণে রেখে ধাপে ধাপে অনুশীলনে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে।

গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আঙুলের চোট নিয়েও কিছুটা শঙ্কা থাকলেও তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় কোনো সমস্যা নেই বলে জানা গেছে। তবে প্রথম ম্যাচে তাকে বিশ্রামে রাখার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ডান দিকের ডিফেন্ডার নাহুয়েল মন্তিয়েলের উরুর চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি, যা আর্জেন্টিনার জন্য কিছুটা উদ্বেগের বিষয়।

সব মিলিয়ে চোটের সমস্যা থাকলেও আর্জেন্টিনা শিবিরে এখনো আশাবাদই বেশি। কোচ স্কালোনির লক্ষ্য, আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সম্পূর্ণ ফিট ২৬ জনের স্কোয়াড নিয়েই মাঠে নামা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪