স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে দুই পুরোনো প্রতিদ্বন্দ্বী ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। পরে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে সূর্যকুমার যাদব ও জাসপ্রিত বুমরাহদের দল। সেই হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামছে ইংলিশরা।
ঘরের মাঠ হওয়ায় এই ম্যাচে ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামবে স্বাগতিক ভারত। যদিও ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগের সেই হারের স্মৃতি এখনো ভোলেননি ইংলিশ ক্রিকেটাররা।
গতকাল ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক জানান, সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার প্রত্যাশাই করেছিলেন তারা। অন্যদিকে ইংল্যান্ডের স্পিনার স্যাম কারান বলেন, মাঠের দর্শকদের তৈরি করা আবহের জন্য তারা প্রস্তুত। তার ভাষায়, যদি আমরা ভারতের সমর্থকদের চুপ করিয়ে দিতে পারি, তাহলে ম্যাচে ভালো করার সম্ভাবনা থাকবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। যেখানে ভারতের তিন জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় দুটি। আজকের ম্যাচে ইংল্যান্ড কি গত আসরের হারের প্রতিশোধ নিতে পারবে, নাকি আবারও জয়ের হাসি হাসবে ভারত সেটাই এখন দেখার অপেক্ষা।
রিপোর্টার্স২৪/ঝুম